চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবদুল্লাহ আল রাসেল (৩০) নামের জামায়াতের এক কর্মী খুন হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় বড় দারোগাহাট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার প্রতিবাদে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে ৬০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে ৯ পুলিশআহত হন। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বড় দারোগাহাট এলাকায় জামায়াতের কর্মী রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পথেই তিনি মারা যান। রাসেল বড় দারোগাহাট এলাকার ফেদায়নগর এলাকার মো. নুরুল আলমের ছেলে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে ৬০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
একপর্যায়ে অবরোধকারীরা সীতাকুণ্ড বাজারে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল এবং বড় দারোগাহাট এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। তখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকেন ঈদের বাজার করতে আসা ক্রেতারা।
খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের ৯ সদস্যসহ শিবিরের দুজন কর্মী আহত হন। ইউএনও শাহীন ইমরান বলেন, তাঁরা অবরোধ তোলার সর্বাত্মক চেষ্টা করছেন।
উপজেলা জামায়াতের আমির মো. আবু তাহের দাবি করেন, রাসেল জামায়াতের কর্মী। আ.লীগের লোকজন তাঁকে হত্যা করেছে। এছাড়া রাতে পুলিশের গুলিতে পারভেজ নামে আরেকজন নেতা মারা গেছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে না। রাসেলকে হত্যার সঙ্গে আ.লীগের কেউ জড়িত নয়। জামায়াত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছে।