সীতাকুণ্ডে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামে গুলিতে জামায়াত নেতা মো. ওসমান গণি (৩০) নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ বলেছে, গত মঙ্গলবার মুরাদপুর ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মো. ওসমান গণিকে আটকের পর তিনি পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন। তবে জামায়াতের দাবি, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হত্যা করেছে।
পুলিশ জানায়, সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন এ মামলা করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০০ জনকে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, ওসমান গণি ‘হত্যার’ প্রতিবাদে বৃহস্পতিবার (আজ) চট্টগ্রাম উত্তর জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত।