সীতাকুণ্ডে জাহাজ বিস্ফোরণ ঘটনায় হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় ম্যাক করপোরেশনের ইয়ার্ডে একটি জাহাজ ভাঙার সময় বিস্ফোরণের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে জাহাজটি ভাঙার আগে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি না এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না, তা ম্যাক করপোরেশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাতে বলা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। একই সঙ্গে ওই জাহাজটি ভাঙার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।একই আদালতে চারটি জাহাজ জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানিকালে গতকাল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী জাহাজের বিস্ফোরণের বিষয়টি আদালতের নজরে আনেন। ১৯ জানুয়ারি ‘সীতাকুণ্ডে পুরোনো জাহাজে বিস্ফোরণ, চার শ্রমিকের মৃত্যু’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনসহ তিনটি জাতীয় পত্রিকার প্রতিবেদন তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে আদালত বহির্নোঙরে থাকা চারটি জাহাজ শর্তসাপক্ষে দেশের জলসীমায় প্রবেশের অনুমতি দেন।