সীতাকুণ্ডে জাহাজ ভাঙার সাতটি ইয়ার্ডকে ৩৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ার্ড পরিচালনায় ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাতিল জাহাজ (স্ক্র্যাপ) ভাঙার সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের নেতৃত্বে একটি দল সীতাকুণ্ডের বিভিন্ন শিপ ব্রেকিং (জাহাজ ভাঙা) ইয়ার্ড পরিদর্শন করে এ অর্থ জরিমানা করে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সিকো স্টিল ও তানিয়া এন্টারপ্রাইজকে ১০ লাখ টাকা করে, মিসম্যাক শিপব্রেকিং, যমুনা স্টিল এবং কে আর স্টিলকে পাঁচ লাখ টাকা করে, এ এম এন স্টিলকে এক লাখ এবং জাহানাবাদ শিপ ব্রেকার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ইয়ার্ড মালিককে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ছাড়পত্রের সব নির্দেশনা মানতে নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম, উপপরিচালক (ছাড়পত্র) নজমুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। সীতাকুণ্ড উপজেলার উপকূলবর্তী উত্তর ছলিমপুর, কদমরসুল, দক্ষিণ শীতলপুর ও সোনাইছড়ি এলাকায় এসব ইয়ার্ড অবস্থিত।অভিযান প্রসঙ্গে জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা ছাড়পত্র নেওয়া সাতটি ইয়ার্ড পরিদর্শন করেছি। সাতটিতেই শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। শর্ত ভঙ্গের গুরুত্বের ওপর ভিত্তি করে জরিমানাও কম-বেশি হয়েছে।’সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পরিদর্শনের সময় এই ইয়ার্ডগুলোতে শ্রমিকদের কাজ করার সময় হেলমেট, হ্যান্ড গ্লাভস, সুরক্ষা পোশাক, সেফটি জুতো, নোজমাস্ক না পরার চিত্র ধরা পড়ে। এ ছাড়া জাহাজ থেকে সংগৃহীত অশোধিত জ্বালানি তেলের তলানি যেভাবে সংরক্ষণের শর্ত ছিল তা-ও মানা হয়নি।