সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ড পরিদর্শনে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা
ঢাকার মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি পুরোনো জাহাজভাঙার ইয়ার্ড পরিদর্শন করেছে। তারা মাদামবিবির হাট রাইজিং স্টিল ইয়ার্ড এবং ভাটিয়ারির এস এন করপোরেশন পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন দূতাবাসের ইকোনমিক অফিসার (রাজনীতি ও অর্থনীতি) সোথি ইয়ান গাও ও বাণিজ্য উন্নয়ন কর্মকর্তা ইউসুফ। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব তাঁদের ইয়ার্ড ঘুরে দেখান।পরিদর্শন শেষে তাঁরা বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) নেতাদের সঙ্গে হোটেল পেনিনসুলায় বৈঠক করেন। রাইজিং স্টার ইয়ার্ডের মালিক আসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা ইয়ার্ডে যে ট্যাংকার ভিড়িয়েছি, সেটি কেনার সময় ভালোভাবে গরম পানিতে পরিষ্কার-পরিচ্ছন্ন (হট ওয়ার্ক ক্লিনিং) করে নিয়েছি। পরিবেশ সচেতনতা এবং ভাঙার সময় দুর্ঘটনা রোধের বিষয়টি বিবেচনা করে বাড়তি টাকা খরচ হলেও এটা আমরা করে নিই।’ সাইফুল আশ্রাব বলেন, ‘দূতাবাসের কর্মকর্তারা এস এন করপোরেশন ও রাইজিং স্টিল ইয়ার্ড পরিদর্শন করেন। তাঁরা রাইজিং স্টিলে ভাঙার জন্য আনা ডেনমার্ক কনস্ট্রিন নামের একটি অয়েল ট্যাংকারে ওঠেন। তাদের মনোভাব দেখে সবকিছু ইতিবাচক মনে হয়েছে।’প্রতিনিধিদলের সদস্যরা পরে বিএসবি নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন। বিএসবির সভাপতি হেফাজেতুর রহমান বলেন, ‘আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন। ইয়ার্ডের পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।’