সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ড পরিদর্শনে শ্রম প্রতিমন্ত্রীসহ সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ও ওই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের কয়েকটি জাহাজভাঙা ইয়ার্ড পরিদর্শন করেছেন। এসব ইয়ার্ডে আগে থেকে পরিদর্শক দলকে স্বাগত জানিয়ে ব্যানার টানানো হয়। এ ছাড়া সংশ্লিষ্ট ইয়ার্ডের শ্রমিকদের একই ধরনের পোশাক ও মাথায় হেলমেট পরিয়ে রাখা হয়।পরিদর্শন শেষে সংসদীয় কমিটির সভাপতি ইস্রাফিল আলম স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেমের ছলিমপুরের বাসায় সাংবাদিকদের ব্রিফিং করেন। পরে তাঁরা সেখানে দুপুরের খাবার খান। তবে প্রতিমন্ত্রী ইয়ার্ড পরিদর্শন শেষে রেস্ট হাউসে চলে যান।প্রসঙ্গত, সাংসদ আবুল কাশেমের ছেলে এস এম আল মামুনের একাধিক ইয়ার্ড রয়েছে।ব্রিফিংয়ে সাংসদ ইস্রাফিল বলেন, ‘ইয়ার্ড-শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করা হবে। তাঁদের পেশাগত স্বাস্থ্যরক্ষা ও মজুরিসংক্রান্ত বিষয় এবং পরিবেশগত নিরাপত্তার দিকগুলো দেখেছি। শ্রমিক ও পরিবেশের স্বার্থ রক্ষার বিষয়ে কিছু সুপারিশসহ ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেব।’ইয়ার্ড পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেন, ‘ইয়ার্ডগুলো ওঁরা সাজিয়ে-গুছিয়ে রেখেছেন। এখানে শ্রমিকদের কতটা অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, মজুরি কত পাচ্ছেন, তা আমরা খতিয়ে দেখছি।’এস এন করপোরেশন নামের এক ইয়ার্ডে গিয়ে শ্রমিক নুরুল হকের কাছে প্রতিমন্ত্রী জানতে চান, এখানে কত জন শ্রমিক মারা গেছেন? তখন পাশ থেকে একজন বলতে থাকেন, দুর্ঘটনা তো হবেই। রাস্তায় গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে। তখন মন্ত্রী তাঁকে থামিয়ে দেন। নুরুল হক জানান, পাঁচ বছরে এখানে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।শুধু মালিকপক্ষের নির্ধারিত কয়েকটি ইয়ার্ড পরিদর্শন করেছেন কেন—প্রশ্নে সাংসদ বলেন, ‘আপনি আমাদের বিতর্কিত করছেন। আমরা ১৩টি ইয়ার্ড পরিদর্শন করেছি।’ প্রকৃতপক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে সংসদীয় দল চারটি ইয়ার্ড পরিদর্শন করে। এগুলো হলো মাবিয়া শিপ ব্রেকিং ইয়ার্ড, ইউনিক ট্রেডার্স, এস এন করপোরেশন ও সিকো স্টিল। এ ছাড়া ভাটিয়ারীতে নির্মাণাধীন ১৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করে সংসদীয় দল।সংসদীয় কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন সাংসদ জাকির হোসেন ও ননী গোপাল মণ্ডল। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিনিধিদলটি বার আউলিয়ার মাবিয়া শিপব্রেকিং ইয়ার্ডে যান। ইয়ার্ডটি সম্প্রতি আইএসও সনদ নিয়েছে। এ সময় তাদের সঙ্গে স্থানীয় সাংসদ আবুল কাশেম, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি হেফাজেতুর রহমান, সাবেক সভাপতি জাফর আলম, আবুল কাশেম ওরফে মাস্টার কাশেম, জাহাঙ্গীর আলম, এস এম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সাংসদ আবুল কাশেমের পারিবারিক ইয়ার্ড ইউনিক ট্রেডার্সে যেতে চাইলে তিনি সাংসদ ইস্রাফিলকে উদ্দেশ করে বলেন, ‘ওখানে সব ঠিক আছে। যাওয়ার দরকার কী?’ তখন তিনি বলেন, ‘তার পরও দেখে আসি।’ তখন আবুল কাশেম বলেন, ‘ওখানে তো কোনো জাহাজ নাই।’ এরপর ইস্রাফিল অন্য দুই সদস্যসহ ইউনিক ট্রেডার্সের সামনের অংশ ঘুরে দেখেন।