সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় গতকাল বৃহস্পতিবার জাহাজভাঙা ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও তিনজন। হতাহত শ্রমিকদের বয়স ২৫ থেকে ৩০ বছর। আরেফিন এন্টারপ্রাইজ নামের ইয়ার্ডে জাহাজ কাটার সময় একটি বিস্ফোরণের পর এই গ্যাস বিষক্রিয়ার সৃষ্টি হয়। ইয়ার্ডটির মালিক শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটির সদস্য কামাল উদ্দিন।
বিষক্রিয়ায় মারা যাওয়া শ্রমিকেরা হলেন: জসিম উদ্দিন, মো. ফারুক, মো. আরিফ ও গিয়াস উদ্দিন। অসুস্থদের মধ্যে আকবর ও রমজান নামের দুজনকে চট্টগ্রাম নগরের আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, জাহাজে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের একটি সিলিন্ডার থেকে এই গ্যাস বিষক্রিয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অসুস্থ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন একটি জাহাজ কাটা হচ্ছিল। প্রায় ১০ জন শ্রমিক জাহাজটির ইঞ্জিনকক্ষে কাজ করছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে সেই গ্যাস ছড়িয়ে পড়লে শ্রমিকেরা অচেতন হয়ে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে আহতদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল আমীন হাসপাতালের চিকিৎসক মো. শাহদাত হোসেন জানান, গ্যাস বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। হতাহতদের গায়ে কোনো জখমের চিহ্ন নেই।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক আকবর বলেন, ‘আমরা ইঞ্জিনকক্ষে কাটাকাটি করছিলাম। এ সময় একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে আমাদের নাকে-মুখে গ্যাস ঢুকে যায়।’
শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজেতুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। কয়েকজন মারা গেছে শুনেছি।’
এর আগে গত ১৬ জানুয়ারি সীতাকুণ্ডের কবির স্টিল মিল নামে অপর একটি জাহাজ ভাঙা ইয়ার্ডে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হন। এ ছাড়া গত বছর অন্তত ১০টি দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন মারা যান। ২০১২ সালে আমদানি হয়েছিল রেকর্ডসংখ্যক ২২৯টি জাহাজ। তখন দুর্ঘটনায় মারা যান ১০ শ্রমিক। ২০১১ সালে আমদানি হয়েছিল ১২২টি জাহাজ। ওই বছর দুর্ঘটনায় মারা যান অন্তত ১২ জন।