সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজভাঙা ইয়ার্ডে একটি বাতিল জাহাজ (স্ক্র্যাপ) কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে ফৌজদারহাটের কে আর স্টিল ইয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই শ্রমিকের নাম আবদুল করিম (৩০)। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বহদ্দারচর গ্রামের আবদুস সামাদের ছেলে। সীতাকুণ্ডের বিভিন্ন শিপইয়ার্ডে বাতিল জাহাজ ভাঙার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনায় এ নিয়ে গত ১০ মাসে পাঁচটি পৃথক দুর্ঘটনায় মোট আটজন শ্রমিকের মৃত্যু হলো। এর আগে গত ১৮ জানুয়ারি ম্যাক করপোরেশন নামের ইয়ার্ডে চারজন, ১৫ মার্চ মাহিন এন্টারপ্রাইজ, ১৯ আগস্ট পেনিনসুলা শিপইয়ার্ড ও ১৭ সেপ্টেম্বর ফরচুন শিপ ব্রেকিং ইয়ার্ডে একজন করে শ্রমিকের মৃত্যু হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বুধবার বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, আবদুল করিম জাহাজ ভাঙার কাজ তদারক করছিলেন। জাহাজের একটি ট্যাংকে ঢুকলে তিনি গ্যাসের বিষক্রিয়ায় মারা যান।ইয়ার্ডের মালিক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, আবদুল করিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।প্রসঙ্গত, জাহাজ ভাঙার কাজে কোনো শ্রমিক মারা গেলে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালতের নির্দেশনা আছে। ম্যাক করপোরেশন নামের ইয়ার্ডে চার শ্রমিক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন।