সীতাকুণ্ডে জাহাজভাঙা এলাকায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল বৃহস্পতিবার জাহাজভাঙা এলাকায় (শিপব্রেকিং ইয়ার্ড) দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে অন্তত আটজন আহত হয়েছে। ইয়ার্ডের জমি দখলকে কেন্দ্র করে দুই শিপইয়ার্ডের মালিকের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড় কুমিরা এলাকার মিচম্যাক শিপব্রেকিং ইয়ার্ডের লোকজন গতকাল সকাল ১০টার দিকে পাশের একটি জমি দখলের চেষ্টা চালায়। এ সময় পাশের জাহাজভাঙার আরেক প্রতিষ্ঠান আকিব এন্টারপ্রাইজের লোকজন তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. সেলিম, মো. কাশেম, জসিম উদ্দিন ও জয়নাল আবেদীন আহত হন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আবার মিচম্যাকের লোকজন ওই জমি দখলের চেষ্টা চালায়। এ সময় আবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে খলিল (৩২), আবদুল (৪০), মো. জাহাঙ্গীর (২৫) ও নুর সোলেমান (৩৪) আহত হন। আহত ব্যক্তিদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।আকিব এন্টারপ্রাইজের মালিক মফিজুল আলম অভিযোগ করেন, পুলিশ তাঁর লোকদের ওপর দমন-পীড়ন চালিয়ে মিচম্যাকের লোকদের দখলে সহযোগিতা করছে। ইতিমধ্যে আকিব এন্টারপ্রাইজের আট কানি জায়গা, হুইল মেশিনসহ আড়াই কোটি টাকার জিনিসপত্র দখল করা হয়েছে। তবে এএসপি রুহুল আমিন ছিদ্দিকী জায়গা দখলে মিচম্যাককে সহযোগিতার অভিযোগ অস্বীকার করেন।মিচম্যাকের ব্যবস্থাপক মহিউদ্দিন বলেন, তাঁরা কোনো জমি দখল করেননি। বরং মফিজুলের লোকজন তাঁদের ওপর হামলা চালালে তাঁরা বাধ্য হয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এলে তাঁরা কাজ চালান।