সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানা দুটি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের সোনাইছড়িতে আজ বুধবার এস কে স্টিল ও এস কে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং নামের দুটি জাহাজ ভাঙা কারখানা উচ্ছেদ করা হয়। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
সীতাকুণ্ডের সোনাইছড়িতে আজ বুধবার এস কে স্টিল ও এস কে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং নামের দুটি জাহাজ ভাঙা কারখানা উচ্ছেদ করা হয়। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলে বন বিভাগের গাছ কেটে নির্মাণ করা জাহাজভাঙা দুটি কারখানা চূড়ান্তভাবে উচ্ছেদ করা হয়েছে।

কারখানা দুটি হলো এস কে স্টিল ও এস কে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি কারখানা দুটির অংশবিশেষ উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদ করা ভূমিতে প্রায় সাত হাজার গাছ লাগায় উপকূলীয় বনবিভাগ।

আদালতের নির্দেশে আজ বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা, স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন (এলজিইডি) এবং বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধিরা।

২০০৯ সালে এই কারখানা দুটি স্থাপনের সময় ১৫ হাজার গাছ কাটা হয়।


উপকূলীয় বনবিভাগের কর্মকর্তা (ডিএফও) আর এস এম মুনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ওই স্থানে গাছ লাগানোর কাজ শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, কারখানা দুটিতে টিনশেড গ্যাস সিলিন্ডারের একটি গুদাম, একটি দ্বিতল ভবন, একটি একতলা ভবন, একটি অয়েল চেম্বার, জাহাজ টানার পাঁচটি হুইঞ্চ মেশিন ছিল। আজ সবগুলো স্থাপনাই অপসারণ করা হয়েছে।


গত বছরের ৬ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বনভূমি ধ্বংস করে নির্মিত জাহাজ ভাঙার কারখানা দুটি উচ্ছেদ করে নতুনভাবে বনায়নের নির্দেশ দেন।

গত ৩০ জানুয়ারি সুপ্রিম কোর্ট আরেক আদেশে ২৭ ফেব্রুয়ারির মধ্যে কারখানা দুটির স্থাপনা ও অন্যান্য সামগ্রী উচ্ছেদের নির্দেশ দেন। ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মত উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। ২৬ মে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আরেকটি আদেশে অবশিষ্ট স্থাপনাও উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। একই সঙ্গে উপকূলীয় বন বিভাগকে আবারও বনায়নেরও নির্দেশ দেওয়া হয়।