সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি জাহাজভাঙা কারখানায় কাজ করার সময় রবিউল ইসলাম (২১) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের কদমরসুল সাগর পাড়ে এইচ‌এম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ নামের একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল জামালপুর জেলার ইসলামপুর থানার বাসিন্দা হায়াত ফকিরের ছেলে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ প্রথম আলোকে বলেন, রবিউল ওই জাহাজভাঙা কারখানায় কাটারম্যানের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। গতকাল দিবাগত রাত ১২টার দিকে কাজ করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আজ সোমবার ভোর ছয়টায় রবিউল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান শামীম শেখ।