
ঈদ বোনাসের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন করেছেন বিভিন্ন জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মাদামবিবিরহাট বাজারে ‘শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশন’ নামের একটি শ্রমিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুর রহিম মাস্টার, যুগ্ম সম্পাদক রাজিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।
আবদুর রহিম বলেন, দেশের সব শিল্প-কলকারখানার শ্রমিকেরা ঈদে বোনাস পান। কিন্তু জাহাজভাঙা কারখানার শ্রমিকদের কোনো বোনাস দেওয়া হয় না। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ঘাম ঝরিয়ে ভারী কাজ করছেন জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা। অথচ সে তুলনায় তাঁরা বেতন পান অতি সামান্য।
আবদুর রহিম বলেন, দেশের সব শিল্প-কারখানায় প্রতিবছর শ্রমিকদের বেতন বাড়ানো হলেও তাঁরা বছরের পর বছর একই বেতনে চাকরি করছেন।
কোনো জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মারা গেলে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে।