সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় আগুন, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর লালবেগ এলাকায় সাগরপাড়ে অবস্থিত একটি জাহাজভাঙা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক আহত হয়েছেন। অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে উপজেলার ভাটিয়ারীতে বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালে ভর্তি করেন।

আজ রোববার বিকেল সোয়া চারটার দিকে লালবেগ শিপব্রেকিং ইয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল সাড়ে চারটার দিকে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত শ্রমিকেরা হলেন, ময়মনসিংহের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মো. মোমিন (২৯), শাহেদ আলীর ছেলে সায়েদুল ইসলাম (২৮), আয়ুব আলীর ছেলে মো. মুহিন (২৬) এবং ফজর আলীর ছেলে মো. রনি (২৮)।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুন প্রথম আলোকে বলেন, বিকেলে ওই জাহাজভাঙা কারখানায় শ্রমিকেরা অক্সিএসিটিলিন শিখা দিয়ে একটি স্ক্র্যাপ জাহাজের ইঞ্জিন কক্ষে লোহা কাটছিলেন। এ সময় আগুনের ফুলকি জাহাজের তলায় জমে থাকা পরিত্যক্ত বর্জ্য তেলে পড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে চারটার দিকে কাজ শুরু করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিএসবিএ হাসপাতালের চিকিৎসক মো. নাসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আহত চার শ্রমিকের গায়ে আগুনের ফুলকির ছ্যাঁকা লাগলে তাঁরা পাশে পড়ে যান। এতে শ্রমিকেরা পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান। তবে লোহার ওপর পড়ে যাওয়ায় শরীরের বিভিন্ন স্থানে তাঁরা আঘাত পেয়েছেন।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, জাহাজটি ছোট। কাটাও শেষ পর্যায়ে। পাইপ কাটার সময় আগুন ধরে গেলে ওই শ্রমিকেরা জোয়ারের পানিতে পড়ে যান। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন।