সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় কেবল ছিঁড়ে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি জাহাজভাঙা কারখানায় লোহার পাত টানার কেবল (ওয়্যার) ছিঁড়ে ২ শ্রমিক নিহত ও ১৩ শ্রমিক আহত হয়েছেন। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায় আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন তুষার চাকমা (২৩) ও আমিনুল ইসলাম (৫০)। নিহত তুষার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সূর্য কুমার চাকমার ছেলে। আর আমিনুল চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা।

আহত ব্যক্তিরা হলেন নাসির উদ্দিন (৩০), মো. শরিফ (৩০), রামদয়াল (৪০), বিমল (২৫), ধনঞ্জয় ত্রিপুরা (২৫), সুরণ ত্রিপুরা (২২), অনিক ত্রিপুরা (২০), শ্রাবণ (২৩), সঞ্জয় (২৫), রাহী ত্রিপুরা (২২), জগদীশ (২৫), রতন (৩০) ও ফারুক (৩৫)।

জানতে চাইলে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডের কাটিং ফোরম্যান মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে এমভি ভার্জিন স্টার নামে একটি স্ক্র্যাপ জাহাজের ৫০ ফুট ওপরে কেবল তুলছিলেন এই ১৫ শ্রমিক। ওপরে তোলার সময় কেবলটি কপিকল থেকে ছিঁড়ে শ্রমিকদের ওপর পড়ে। পরে কারখানার লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে তুষার ও আমিনুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) টিবলু কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, দড়ি ছিঁড়ে কেবলটি শ্রমিকদের ওপর পড়লে ২ শ্রমিক নিহত ও ১৩ শ্রমিক আহত হন। খবর পেয়ে পুলিশ কারখানাটি পরিদর্শন করেছে।