সীতাকুণ্ডে জাহাজভাঙা প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তামূলকব্যবস্থা ছাড়াই পুরোনো জাহাজ কাটা এবং পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর একটি জাহাজভাঙা প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করেছে। প্রতিষ্ঠানটির নাম সুলতানা শিপ ব্রেকিং ইয়ার্ড। গতকাল রোববার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই জরিমানা করেন।পরিবেশ দূষণ বা ঝুঁকিপূর্ণভাবে জাহাজ কাটার দায়ে প্রথমবারের মতো কোনো পুরোনো জাহাজভাঙা প্রতিষ্ঠানকে জরিমানা করা হলো। সীতাকুণ্ডের সোনাইছড়িতে এই সুলতানা শিপ ব্রেকিং ইয়ার্ডে গত ১২ জুলাই এম টি সিকন নামের একটি অয়েল ট্যাংকার কাটার সময় বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও চারজন আহত হন।মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘১০ হাজার ২৫০ টন ওজনের অয়েল ট্যাংকারটি কাটার সময় ইয়ার্ডের পক্ষ থেকে শ্রমিকদের জন্য কোনো নিরাপত্তামূলকব্যবস্থা ছিল না। এ ছাড়া মালিকপক্ষ দুর্ঘটনায় আহত শ্রমিকদের উদ্ধার ও হতাহত ব্যক্তিদের ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নেয়নি। পাশাপাশি তারা পরিবেশেরও দূষণ করছে।’ জানা গেছে, ২৬ বছরের পুরোনো কোরিয়ান ওই জাহাজে পেট্রলিয়ামজাত পদার্থ ছিল। এতে মানুষের প্রবেশ নিরাপদ ছিল না বলেও বিস্ফোরক অধিদপ্তর থেকে উল্লেখ করা হয়েছিল।অধিদপ্তর সূত্রে জানা গেছে, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং জাহাজ কাটার সময় প্রয়োজনীয় নিরাপত্তামূলকব্যবস্থা না নেওয়ার দায়ে ইয়ার্ড মালিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মালিককে অবিলম্বে দূষণ নিয়ন্ত্রণসহ সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।