সীতাকুণ্ডে জাহাজভাঙা প্রতিষ্ঠানে প্লেট চাপা পড়ে ৩ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবির হাট চেয়ারম্যানগাটা এলাকায় সীমা স্টিল নামে একটি জাহাজভাঙা প্রতিষ্ঠানে প্লেট পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, নিহত শ্রমিকেরা হলেন মো. ফারুক (৩২), আবুল বশর (৩৫) ও মো. কালাম (২৩)। আহত আমিনুল ইসলাম ও অজ্ঞাত অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে ইয়ার্ডে কেটে খাড়াভাবে রাখা একটি প্লেট শ্রমিকদের ওপর পড়ে। এ সময় পাঁচ-ছয়জন শ্রমিক এর নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। ইয়ার্ডের ব্যবস্থাপক কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাতাসে প্লেটটি শ্রমিকদের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেব।’ এ প্রসঙ্গে সীতাকুণ্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘আমি ঘটনা শুনেছি। পুলিশ সদস্যরা ওই এলাকায় গেছে।’