সীতাকুণ্ডে জাহাজভাঙার ৭ কারখানাকে জরিমানা
পরিবেশ ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করায় একটি জাহাজভাঙা কারখানা বন্ধ করার পাশাপাশি আরও সাতটি কারখানাকে ৩৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম শুনানি শেষে এই জরিমানা ধার্য করেন। এর আগে গত মঙ্গলবার মনোয়ার ইসলামের নেতৃত্বে একটি দল সাতটি ইয়ার্ড পরিদর্শন করে নানা রকম শর্ত ভঙ্গের প্রমাণ পায়। গতকাল পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।অথচ গত ১৭ জুলাই রাত সাড়ে তিনটায় সীতাকুণ্ডের কুমিরা জোড়াআমতল এলাকার এসআরএস শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় খোরশেদ আলম (২০) নামে এক শ্রমিক নিহত হন। পরিবেশ অধিদপ্তরের শর্ত অনুযায়ী, রাতে ইয়ার্ডে কাজ করা নিষেধ। পরিদর্শনকালে দেখা যায়, মামুন স্টিল নামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশগত ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল। এই ইয়ার্ড বন্ধ করার নোটিশ দেওয়ার পাশাপাশি পাঁচ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া এজভাস্টর, গ্লাসওয়েলসহ বিভিন্ন বর্জ্য সংরক্ষণের পৃথক ব্যবস্থা না করা এবং শ্রমিক সুরক্ষার ব্যবস্থা না থাকার মতো শর্ত লঙ্ঘনের দায়ে ছয়টি ইয়ার্ডকে জরিমানা করা হয়। এগুলোর মধ্যে ইউনাইটেড শিপ রিসাইক্লিংকে ছয় লাখ ৫০ হাজার টাকা, সীমা স্টিলসকে সাত লাখ টাকা, মাহিন এন্টারপ্রাইজকে তিন লাখ ৩০ হাজার টাকা, আল ছাফা স্টিল মিলসকে তিন লাখ ৫০ হাজার টাকা, কেএসবি স্টিলকে দুই লাখ ৫০ হাজার টাকা ও সাঈদ স্টিলসকে ছয় লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।