সীতাকুণ্ডে জেলেদের দুই পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জেলেদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় বারৈয়াঢালার উত্তর বগাচতর এলাকায় ডোমখালী-বদরখালী খালে জাল ফেলা নিয়ে ডোমখালী এলাকার জেলে ও সীতাকুণ্ড বগাচতরের জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত মনতোষী জলদাশ (৪৫) গতকাল রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি শুধাংশু জলদাসের স্ত্রী। আহত আরও দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া আহত রতন জলদাস (২২), শ্রীধাম জলদাস (৫৫), মধুমঙ্গল জলদাশ (৪৫), কেশব জলদাশ (২১), মনোতোষীবালা জলদাশ (৪০) ও বলরাম জলদাস (৩০) সীতাকুণ্ড স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানান, খালে জাল ফেলাকে কেন্দ্র করে বগাচতর ও ডোমখালী এলাকার জেলেদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।