সীতাকুণ্ডে জেলেদের মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটে বিমল দাস, মতিলাল দাস, হরেন্দ্র দাস, বিকাশ দাস, যদুনাথ দাসসহ সাতজন জেলে গত শুক্রবার বিকেলে সমুদ্র থেকে দুটি নৌকায় কিছু ইলিশ (দেড় থেকে দুই মণ) নিয়ে তীরে আসেন। তাঁরা ইলিশ ধরতে দুই সপ্তাহ আগে গভীর সমুদ্রে গিয়েছিলেন। ইলিশভর্তি নৌকা নিয়ে আনন্দে তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ভরা মৌসুমেও ইলিশের আকাল চলায় তাঁদের চোখে-মুখে ছিল হতাশার চিহ্ন।পর্যাপ্ত ইলিশ না পাওয়ার কারণ জিজ্ঞাসা করতেই কান্নাবিজড়িত কণ্ঠে নৌকার মালিক বিমল জলদাস বলেন, ‘ইলিশ ধরতে ঋণ নিয়ে তিনটি নতুন জাল কিনে সমুদ্রে ফেলেছিলাম। কিন্তু বিধি বাম! কিছু ইলিশ মাছ নিয়ে হতাশায় বাড়ি ফিরতে হলো।’ এ হলো ইলিশ মৌসুমে স্থানীয় জেলেদের চিত্র। প্রতি বছরের মতো এবারও জেলেদের অভিযোগ, মহাজন, ফড়িয়া ও দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে ইলিশ যা পাচ্ছেন, তারও ন্যায্য মূল্যে পাচ্ছেন না তাঁরা। উপজেলার কুমিরা, জোরামতল, বাড়বকুণ্ড, পৌর সদরের মোহন্তের হাটে গিয়ে গতকাল শনিবার সকালে দেখা যায়, দুই-তিনজন ব্যবসায়ী বাজারে ছোট টুকরিতে করে ইলিশ বিক্রি করছেন। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী পাইকারি বাজারে প্রতি মণ ইলিশ আট থেকে সাড়ে আট হাজার টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। চাঁদপুরের ইলিশ (কেজিতে একটি) বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়।মৎস্যজীবীরা বলেন, কয়েক বছর ধরে বঙ্গোপসাগরের সীতাকুণ্ড-সন্দ্বীপ চ্যানেলে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। কারণ হিসেবে তাঁরা মনে করছেন, শিপব্রেকিং ইয়ার্ডসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যে পদার্থ ক্রমাগত সীতাকুণ্ড-সন্দ্বীপ চ্যানেলে পড়ার কারণে এখানে পানি দূষিত হচ্ছে। এ কারণে এই অঞ্চলে ইলিশসহ সব ধরনের মাছ কমে যাচ্ছে। সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় ৩০টি জেলেপল্লি রয়েছে। কয়েকটি জেলেপাড়া ঘুরে জানা যায়, সমুদ্র থেকে মৎস্য আহরণ এবং তা স্থানীয় বাজারে বিক্রি করে চলে তাদের জীবন-জীবিকা। তবে জেলেদের বাৎসরিক আয়ের উৎস হচ্ছে ইলিশ মৌসুম। পুঁজি না থাকায় মহাজন-আড়তদারের কাছ থেকে তাঁরা ঋণ নিতে বাধ্য হন। ফলে ৭৫ শতাংশ জেলে দাদন ব্যবসায়ীর কাছ থেকে বিশেষ শর্তে টাকা নিয়ে ইলিশ ধরার যাবতীয় উপকরণ সংগ্রহ করেন। বাকি জেলেদের কেউ নিজস্ব তহবিল থেকে এবং অন্যান্য বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ইলিশ ধরার কাজে নামেন। অথচ ইলিশ মাছ ধরে সংসারের অভাব ঘোচানোর স্বপ্ন দেখা জেলে পরিবারগুলোতে এই ভর মৌসুমেও নীরব দুর্ভিক্ষ চলছে। কুমিরা ঘাটে গিয়ে দেখা যায়, ইলিশের নৌকা তীরে ভেড়ার পর পরই নৌকাকে ঘিরে নারী-পুরুষের প্রচণ্ড ভিড়। জিজ্ঞাসা করে জানা গেল, এদের বেশির ভাগই ফড়িয়া বা পাওনাদার। দর-কষাকষির সুযোগ নেই জেলেদের। পাওনাদারদের কাছে নির্ধারিত মূল্যে ইলিশ বিক্রি করতে হয় এখানে। তাও আবার বাকিতে। মাছ বিক্রির পর টাকা পরিশোধে চলে গড়িমসি। স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, সমুদ্রে জলদস্যুরা জাল, মাছ ও নৌকা ছিনতাই করে। আর ইলিশ নিয়ে নৌকা ঘাটে এলে মহাজন, ফড়িয়া ও দাদন ব্যবসায়ীদের ভোগান্তি নিত্যনৈমিত্তিক ব্যাপার। শীতলপুর জেলেপাড়ায় জলদস্যুতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হরিলাল জলদাস প্রথম আলোকে বলেন, ‘ইলিশ যা পাচ্ছি জলদস্যুরা তা ছিনিয়ে নেয়। ঘাটে আসলেই মহাজন তাঁদের ঋণ পরিশোধের জন্য চাপ দেয়। তাঁদের কাছে আমরা নিরুপায়।’ উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘এই অঞ্চলগুলো ছিল একসময় বিভিন্ন মাছের প্রজননক্ষেত্র। গভীরতার কারণে এখানে একসময় মাছ ডিম পাড়তে আসত। এখন তা আর নেই। জাহাজভাঙ্গা ঘাটার পাশে বিস্তৃত এলাকাজুড়ে পানিতে তেল ভাসতে দেখা যায়। ফলে ওই এলাকার পানিতে সূর্যের রশ্মি প্রবেশ করতে পারে না। সামুদ্রিক মাছ ও অন্যান্য জলজ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। যার ফলে এখানে আগের মতো ইলিশ পাওয়া যায় না।’