সীতাকুণ্ডে টানা অবরোধে ৯০ কিলোমিটার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের কারণে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৯০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ছবিটি আজ সোমবার সকালে সীতাকুণ্ডের উত্তর মছজিদ্দা থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
অবরোধের কারণে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৯০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ছবিটি আজ সোমবার সকালে সীতাকুণ্ডের উত্তর মছজিদ্দা থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় টানা দুই দিনের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। ওই সড়কে প্রায় ৯০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে।
গত শনিবার বিকেলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ ও গতকাল সন্ধ্যায় ইউনিয়ন জামায়াতের এক নেতাকে আটকের প্রতিবাদে ওই মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অবরোধ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে ১২টি গাড়ি ভাঙচুর করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। রাতে বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালানো হয়। আজ সকালে আবার পৌর সদরের দক্ষিণ বাইপাসে দুটি গাড়িতে আগুন ও অর্ধশত গাড়ি ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ে। এর আগে শনিবার বিকেলের সহিংসতার কারণে গতকাল সারা দিন মহাসড়কে যানজট ছিল। সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই গাড়িতে আবার আগুন দেওয়া ও ভাঙচুর শুরু হয়।
এ যানজট সীতাকুণ্ড ছাড়িয়ে চট্টগ্রাম নগরের প্রবেশদ্বার সিটিগেট থেকে ফেনী পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। গাড়িগুলো থেমে থেমে চলছে। এর ফলে সারা দেশের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। যানজটে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের আজও ভোগান্তিতে পড়তে হয়েছে। এ ছাড়া আগুন ও ভাঙচুরের আশঙ্কায় উত্কণ্ঠায় রয়েছেন গাড়ির চালকেরা।

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কাভার্ডভ্যানের চালক আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে বন্দর থেকে রওনা হয়ে ১২ ঘণ্টা পর সীতাকুণ্ডের উত্তর মছজিদ্দায় পৌঁছেছি।’ ভোগান্তি পরিহারে বিকল্প সড়ক সৃষ্টির জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে মহাসড়কে এ ভোগান্তি। যানজট নিরসনে পুলিশ দিনরাত পরিশ্রম করছে।