সীতাকুণ্ডে ট্রাক থেকে ছিটকে পড়ে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে রাস্তার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ট্রাক থেকে ছিটকে পড়ে ওই যুবক নিহত হন বলে পুলিশ জানায়। নিহত যুবকের নাম সোহেল (২০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মৃত শফিক আহমদের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ির শাহ আমীন উল্লাহ ফিলিং স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত ট্রাকের পেছন থেকে যুবকটি পড়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতেয়াজ বলেন, যুবকটি নিজ এলাকায় পণ্য নিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে পড়ে গিয়ে নিহত হন। ট্রাকটি পাওয়া যায়নি।