সীতাকুণ্ডে ট্রাককে কাভার্ড ভ্যানের ধাক্কা, পথচারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের চারালকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকামুখী একটি ট্রাককে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাদল চন্দ্র নাথ (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালকের সহকারী মানিক মিয়া (২৫) ও বজলু রহমান (৫০)। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
নিহত বাদল উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চারালকান্দি এলাকার বাসিন্দা। আহত বজলুর বাড়ি নাটোরের সদর উপজেলায় ও মানিক মিয়ার বাড়ি নোয়াখালীর চর জব্বরে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানটি চট্টগ্রামমুখী ছিল। এটি খুব বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক অতিক্রম করে লেন পরিবর্তনের পর দাঁড়িয়ে থাকা ঢাকামুখী ট্রাকটিকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়।
কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মাসুদ আলম প্রথম আলোকে বলেন,দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটিকে উদ্ধার করা হয়েছে।