ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় শিল্প পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আনসারের দুই সদস্য।
গতকাল শনিবার ভোরে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জানে আলম (৪৫) শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামের শাহ আলমের ছেলে। আহত দুই আনসার সদস্য হলেন শহীদুল ইসলাম ও হুমায়ুন কবীর।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থল এলাকায় মহাসড়কে টহলের দায়িত্ব পালন করছিলেন জানে আলম। ভোর পাঁচটার দিকে ঢাকামুখী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি জানে আলমসহ তিন পুলিশ সদস্যকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এসআই জানান, গুরুতর আহত অবস্থায় জানে আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মীর মাহবুব আরও জানান, জানে আলম চট্টগ্রাম শিল্প পুলিশে কর্মরত ছিলেন। গত শুক্রবার প্রেষণে সীতাকুণ্ড থানায় যোগদান করেন তিনি।
বোয়ালখালীতে দুর্ঘটনায় আহত আট: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, জেলার বোয়ালখালী উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় আট বরযাত্রী আহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মীর আহমেদ, মো. আলী, নুরুল আলম, মো. ইদরিস, শফিউল ইসলাম, মো. শিবলু, আমির হোসেন ও শফিকুল আলম।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল ইফরান জানান, গতকাল দুপুরে পটিয়া থেকে টেম্পোতে করে বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বরের আত্মীয়স্বজন।
বোয়ালখালীর রায়খালী ব্রিজ এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি উল্টে যায়। এতে আটজন আহত হন। গুরুতর আহত হওয়ায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।