সীতাকুণ্ডে ট্রাকের ধাক্বায় মা নিহত, ছেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্বায় নিহত হয়েছেন এক মা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর দেড় বছর বয়সী ছেলে।
গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শেয়ারীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম (৩২) ওই এলাকায় থাকতেন।
দুর্ঘটনার পর শেয়ারীপুল এলাকার ক্ষুব্ধ লোকজন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাড়কের দুই দিকে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বার আউলিয়া হাইওয়ে থানা-পুলিশের সার্জেন্ট আশিকুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দারা সোয়া ছয়টার দিকে মহাসড়ক অবরোধ করে। পরে ২০ মিনিটের অবরোধ তুলে নেয়। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে জাহানারা বেগম ছেলেকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় উল্টোপথে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন জাহানারা ও তাঁর ছেলে নাহিদ। দ্রুত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত আটটার দিকে জাহানারার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ কুমার বড়ুয়া।