সীতাকুণ্ডে ট্রেনে আবারও ঢিল, ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে ঢিল ছুড়ে প্রকৌশলী প্রীতি দাশ হত্যাকাণ্ডের এক মাসের মাথায় সীতাকুণ্ডে আবারও বাইরে থেকে চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে আবুল কাসেম (৫৫) নামে ঢাকার এক ব্যবসায়ী আহত হয়েছেন। ট্রেনে থাকা কয়েকজন চিকিৎসক যাত্রী ওই সময় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক প্রথম আলোকে বলেন, তিনি অন্য যাত্রীদের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। তবে কেউ এখনো অভিযোগ করেননি।

জানা গেছে, সীতাকুণ্ডের বারৈয়ারঢালা এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসে বাইরে থেকে কে বা কারা ঢিল ছোড়ে। ঢিলটি জানালার পাশের সিটে বসা টঙ্গী এলাকার ব্যবসায়ী আবুল কাসেমের বুকে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

খবরটি ট্রেনের ভেতরে ছড়িয়ে পড়লে কয়েকজন চিকিৎসক যাত্রী তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সুস্থ করে তোলেন।

এর আগে গত ১০ আগস্ট রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইরে থেকে নিক্ষেপ করা পাথর তূর্ণা নিশীথার যাত্রী প্রকৌশলী প্রীতি দাশের মাথায় লাগলে তাঁর মৃত্যু হয়।