সীতাকুণ্ডে ট্রেনের বগি লাইনচ্যুত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রেলস্টেশনে আজ শনিবার যাত্রীবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।এতে কেউ হতাহত হয়নি।তবে ওই লাইনে রেল চলাচল বন্ধ আছে।
সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগির চাকাগুলো লাইনচ্যুত হয়।
কুমিরা রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইফুদ্দিন বাশার প্রথম আলোকে বলেন, সকালে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি কুমিরা রেলস্টেশনে পৌঁছালে ১২ নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।ট্রেনটিতে ১৪টি বগি ছিল।লাইনচ্যুত বগিসহ পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন করে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়েছে।লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে।ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বাকি রেলপথ দিয়ে ট্রেন চলাচল করছে।
চট্টগ্রাম বিভাগীয় সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন (ডিএসটি) প্রকৌশলী সুশীল কুমার হালদার প্রথম আলোকে বলেন, এই স্টেশনের চারটি লাইনের মধ্যে তিন নম্বর লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্য তিনটি লাইনে ট্রেন চলাচলে সমস্যা নেই।