চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলওয়ে স্টেশনের কাছে একটি কনটেইনারবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চার ঘণ্টা বন্ধ হয়ে যায়।
চার ঘণ্টা পর গতকাল বুধবার বেলা সোয়া দুইটার দিকে একটি লাইন মেরামত করে রেল যোগাযোগ চালু করা হয়।
সকাল ১০টার দিকে স্টেশনের কাছেই ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডমুখী কনটেইনারবাহী ট্রেনটির পেছনের দিকের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার ফলে চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস কুমিরা স্টেশনে আটকা পড়ে। লাইন মেরামতের পর সোয়া দুইটার দিকে এটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে চট্টগ্রাম বটতলী স্টেশনের দিকে যায়।
জানা গেছে, লাইন পরিবর্তন করার সময় কনটেইনারবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি একেবারে কাত হয়ে যায়। ফলে দুটি ট্রেন লাইনই বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, কনটেইনারবাহী ট্রেনটির পেছন থেকে ২ নম্বর বগিটি একেবারে কাত হয়ে যায়। এ ছাড়া অন্য দুটি বগি লাইনের বাইরে চলে আসে। লাইন পরিবর্তন করতে গিয়ে দুর্ঘটনা ঘটার কারণে দুটি লাইনই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
দুর্ঘটনাস্থলে বিভাগীয় রেল ব্যবস্থাপক এস এম মুরাদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর আমরা প্রথমে একটি লাইন (ডাউন লাইন) সচল করার চেষ্টা করি। এরপর অন্য লাইনটিও মেরামত করা হয়। এতে করে মেঘনা এক্সপ্রেস ছাড়া অন্য কোনো ট্রেনের সূচিতে সমস্যা হয়নি।’
এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান এস এম মুরাদ হোসেন। কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ইফতেখার ফিরোজকে।
জানা গেছে, একই স্থানে এর আগে গত ৯ জুলাই ফার্নেস তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়।