সীতাকুণ্ডে ট্রেনের বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের বারৈপাড়া এলাকায় ময়মনসিংহগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, বারৈয়ারঢালা এলাকায় ট্রেনটির সামনের দিক থেকে ৪ নম্বর বগির তিনটি চাকা লাইনচ্যুত হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আরেকটি ট্রেনের ইঞ্জিন দিয়ে ক্ষতিগ্রস্ত বগির পেছনের বগিগুলো সীতাকুণ্ড স্টেশনে নেওয়া হয়।
সীতাকুণ্ডের স্টেশনমাস্টার শাহানউজ্জামান গতকাল রাত ১০টায় প্রথম আলোকে বলেন, উদ্ধারকাজ চলছে। একটি লাইন এখনো বন্ধ। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করবে।
রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।