সীতাকুণ্ডে ডাকাতি ১০ লাখ টাকার মালামাল লুট
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট এলাকায় গত শনিবার দিবাগত রাতে দৈনিক সংবাদ-এর চট্টগ্রাম ব্যুরো-প্রধান হাসান ফেরদৌসের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় হাসানের বাবা-মা আহত হন। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে তিনটার দিকে ২৫-৩০ জনের সশস্ত্র ডাকাত দল বড় দারোগাহাট গ্রামের ফরাজীবাড়ি ঘিরে ফেলে। এরপর দরজা ভেঙে তারা ভেতরে ঢোকে। এ সময় ঘরে হাসানের বাবা মোহাম্মদ হোসেন (৭০) ও মা লুৎফুন্নাহার বেগম (৬০) ছিলেন। দুর্বৃত্তরা তাঁদের মারধর করে মালামাল লুট করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।হাসান ফেরদৌস জানান, ডাকাত দল তাঁদের ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসেট, ইলেকট্রনিকস সামগ্রী, কাপড়চোপড়, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন সিদ্দিকী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।