সীতাকুণ্ডে ডাকাতের গুলিতে নারী নিহত আহত ১
সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে ডাকাতের গুলিতে এক নারী নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরের ওই ঘটনায় নিহতের ছোট বোনও আহত হন।নিহত নারীর নাম রেহানা আক্তার (২১)। আহত হন নাসরিন আক্তার (১৮)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা দুজনই বারৈয়ারঢালা ইউনিয়নের উত্তর টেরিয়াল গ্রামের আবদুল মালেকের মেয়ে।স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোরে ১০-১২ জন ডাকাতের একটি দল আবদুল মালেক ওরফে মালেক বাবুর্চির ঘরে হানা দেয়। ঘরের দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে রেহানা বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর নাসরিন আহত হন। একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে ওই ঘরের দেড় ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন সেট ও নগদ ছয় হাজার টাকা নিয়ে গেছে।শনিবার মধ্যরাতে ইউনিয়নের কলাবাড়িয়া এলাকার জয়নালের বাড়িতেও ডাকাতির চেষ্টা হয়। স্থানীয়দের বাধার মুখে এই চেষ্টা ব্যর্থ হয়। সীতাকুণ্ড থানার পরিদর্শক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করতে অভিযান জোরদার করা হয়েছে।’গত সপ্তাহে হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি থামিয়ে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবহন মালিক-শ্রমিকদের অভিযোগ, মুখোশধারীরা এসব ডাকাতি করেছে। গত বৃহস্পতিবার সীতাকুণ্ডের সৈয়দপুর থেকে সলিমপুর পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তারও করে পুলিশ।