সীতাকুণ্ডে ডুবে যাওয়া বার্জ থেকে ছড়াচ্ছে তেল দূষণের আশঙ্কা
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের সীতাকুণ্ডের সোনাইছড়ি উপকূলে ৩০০ টন ফার্নেস তেল নিয়ে ডুবে গেছে নিবন্ধনহীন ‘মহব্বত আলী’ নামের দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি অয়েল বার্জ (অয়েল স্টোরেজ পন্টুন)। তিন দিন আগে ডুবে যাওয়া এই তেল ট্যাংকারের এক লস্করের লাশ সীতাকুণ্ড থানার পুলিশ গত মঙ্গলবার বিকেলে উদ্ধার করেছে। নিহত লস্করের নাম আজগর (৩৫)। মফিজ (৩৬) নামের অন্য একজন লস্কর এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ডুবে যাওয়া ট্যাংকার থেকে সাগরে তেল ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জেলেরা জানান, প্রায় দুই কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। তবে পরিবেশ অধিদপ্তর তেল ছড়ানোর বিষয়টি অস্বীকার করেছে। গতকাল বুধবার ডুবে যাওয়া বার্জটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বার্জটি উদ্ধার করা হয়েছে। তবে এটাতে দূষণের কোনো আলামত এখনো আমরা দেখিনি। বার্জটি থেকে তেল নিঃসরণের কোনো প্রমাণ পাইনি। তার পরও আমরা পুরোপুরি দেখে ব্যবস্থা নেব।’ তবে সীতাকুণ্ডের উপকূল এলাকার জেলেরা জানিয়েছেন, তেলের ট্যাংকার ডুবে যাওয়ায় সাগরে দূষণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, বার আউলিয়ার তাহের ব্রাদার্স নামের শিপ ব্রেকিং ইয়ার্ডের পুরোনো জাহাজ থেকে তেল বোঝাই করে ২৯ এপ্রিল সকালে মেসার্স ওশান (বিডি) লিমিটেডের মালিকানাধীন ট্যাংকারটি যাত্রা করে। এক কিলোমিটার যাওয়ার পর এটি ঝড়ের কবলে পড়ে। ইঞ্জিনবিহীন এ ট্যাংকারটি টেনে নিয়ে যাচ্ছিল এম টি মোহছেন আউলিয়া নামের অন্য একটি জাহাজ। কালবৈশাখীর হাওয়া ও সমুদ্রের উত্তাল ঢেউয়ে মূল জাহাজ থেকে রশি ছিঁড়ে এটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। অয়েল ট্যাংকারে অবস্থানরত ছয়জন লস্করের মধ্যে চারজন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও আজগর ও মফিজ নিখোঁজ হন। ট্যাংকারটির মালিক ওশান (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মহব্বত আলী ঘটনা স্বীকার করলেও এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।