সীতাকুণ্ডে ডেমু ট্রেন বিকল
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জাহানাবাদ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনটি বিকল হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ডেমু ট্রেনের পেছনে থাকা একটি ইঞ্জিন ট্রেনটিকে কুমিরা স্টেশনে টেনে নিয়ে যায়।
রাত আটটায় কুমিরা স্টেশনে গিয়ে দেখা যায়, কয়েকজন যাত্রী ডেমু ট্রেনটির জন্য অপেক্ষা করছিলেন। তখন পর্যন্ত ট্রেনটি স্টেশনে এসে পৌঁছায়নি। ফেনীর বাসিন্দা বাহার উদ্দিন নামের এক যাত্রী প্রথম আলোকে বলেন, তিনি সাড়ে ছয়টা থেকে ট্রেনটির জন্য বসে আছেন। এখন শুনতে পাচ্ছেন ট্রেন বিকল।
কুমিরা রেলস্টেশনের মাস্টার মো. মাহমুদুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ট্রেনটি চট্টগ্রাম থেকে লাকসাম যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রেনের ৩৮ নম্বর সেতু এলাকায় এলে এটির ইঞ্জিনের পরের বগিতে ত্রুটি দেখা দেয়। এ কারণে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তিনিও ওই ট্রেনে চেপে স্টেশনে আসছিলেন। পরে তিনিসহ অন্য যাত্রীরা নেমে গিয়ে সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
মো. মাহমুদুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, ডেমু ট্রেনটি বিকল হওয়ার খবরে চট্টগ্রাম থেকে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কুমিরা স্টেশনে আসছেন। তাঁরা ট্রেনটির ত্রুটি মেরামত করবেন। রাতে এটি তার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি বিকল হওয়ার কারণে অন্যান্য ট্রেনের সূচিতে কোনো ধরনের পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।