সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট।ছবি কৃষ্ণ চন্দ্র দাস
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট।ছবি কৃষ্ণ চন্দ্র দাস

জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হতেই আজ শুক্রবার ভোর থেকে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে সংস্কারকাজ চলার কারণে এবং অতিরিক্ত যানবাহনের চাপে এই জট কাসেম জুট মিলস এলাকা থেকে সিটি গেট পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানবাহনগুলো ধীরগতিতে চলতে শুরু করেছিল।
ভুক্তভোগী যাত্রী, এলাকাবাসী ও পুলিশ জানায়, সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় গত মঙ্গলবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কারের কাজ শুরু হয়। তাই গাড়িগুলোকে একটি সিঙ্গেল লাইনে চলাচল করতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দুই দিন ধরে হরতালে আটকে পড়া যানবাহনের অতিরিক্ত চাপ। গতকাল রাতে হরতালকারীরা একটি গাড়ির চাকা পাঙ্কচার করে দেয়। সেই গাড়িটি সরাতে ভোররাত পাঁচটা বেজে যায়। তখন থেকেই এই যানজটের শুরু হয়। সকাল আটটা থেকে গাড়ি চলাচল করতে শুরু করলেও তা অতি ধীর গতিতে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফৌজদারহাট এলাকায় অটোরিকশার যাত্রী সীতাকুণ্ডের ছোটকুমিরার রবিউল হাসান জানান, চট্টগ্রাম থেকে ছোটকুমিরায় বাড়িতে যাওয়ার উদ্দেশে সকাল আটটায় গাড়িতে চাপেন তিনি। দুই ঘণ্টায় মাত্র ছয় কিলোমিটার পথ এগিয়েছে গাড়ি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ কবির প্রথম আলো ডটকমক বলেন, এখন ধীরগতিতে যান চলাচল করছে। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।