সীতাকুণ্ডে তরুণ দলের নেতাকে পিটিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের ছোট দারোগাহাট এলাকায় বারৈয়ারঢালা ইউনিয়ন তরুণ দলের যুগ্ম সম্পাদক রেজাউল করিমকে পিটিয়েছে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহত রেজাউল করিম উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের উত্তর ফেদায়নগর এলাকার আবু সুফিয়ানের ছেলে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা নারায়ণ আশ্রম এলাকা থেকে পাওনা টাকা তুলে বাড়ি ফিরছিলেন রেজাউল করিম। এ সময় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে স্বীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উপজেলা তরুণ দলের সভাপতি ওহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, দারোগাহাট এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী পিটিয়ে তাঁর হাত ও পা ভেঙে দেয়। তাঁর কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি রাজনৈতিক বলে মনে হচ্ছে না। রেজাউল তরকারি বিক্রি করতেন। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বকেয়া টাকা চাইতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে রেজাউলকে পিটিয়ে আহত করে। তিনি বলেন, কোনো পক্ষ এখনো মামলা করতে আসেনি।