সীতাকুণ্ডে তিনটি ট্রাকে আগুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার জের ধরে গতকাল শুক্রবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবির। সীতাকুণ্ড পৌর সদরে সকালে এ অগ্নিসংযোগ করা হয়। এ অবস্থায় সীতাকুণ্ডে বিজিবি মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজ শেষে বাড়বকুণ্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়। পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অতর্কিতে মহাসড়কে উঠে বিভিন্ন স্থানে ৫০টির মতো গাড়ির চাকার বাতাস ছেড়ে দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সকালে পৌর এলাকায় তিনটি ট্রাকে আগুন দেওয়া হয় বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন। এদিকে বৃহস্পতিবারের হরতালে বিভিন্ন নাশকতার ঘটনায় সীতাকুণ্ড থানায় দুটি মামলা করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৭৫০ জনকে।