সীতাকুণ্ডে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত তীব্র যানজট ছিল। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সুলতানা মন্দির এলাকায় পাঁচটি গাড়িতে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। তারা গভীর রাতে মাদামবিবিরহাট এলাকায় দুটি ট্রাকের চাকা পাংচার করে দেয়। রাতভর চেষ্টা করে ভোররাতে গাড়িগুলো সরাতে সমর্থ হয় পুলিশ। এ সময় যানজট শুরু হয়। তা ছাড়া মাদামবিবিরহাট বাজারে মহাসড়কের সংস্কারকাজও যানজট সৃষ্টির কারণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতের ডাকা হরতাল শেষে চট্টগ্রাম নগর থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়ির চাপ এবং হরতালের কারণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে আটকা পড়া গাড়িগুলো একসঙ্গে নগরে পৌঁছার চেষ্টা করায় যানজট আরও বেড়ে যায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত বাড়বকুণ্ড থেকে কুমিরা পর্যন্ত যানজট ছিল। গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত সীতাকুণ্ডের কাসেম জুট মিলস এলাকা থেকে সিটি গেট পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজট ছিল। বেলা দুইটার দিকে যান চলাচল মোটামুটি স্বাভাবিক হয়।
সূত্র জানায়, সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় মহাসড়কের সংস্কারকাজ গত মঙ্গলবার থেকে শুরু হয়। ওই অংশে খোঁড়াখুঁড়ির কারণে গাড়িগুলোকে একটি সরু লাইনে চলাচল করতে হয়। যে কারণে হরতালে আটকা পড়া গাড়ি ও ঢাকামুখী গাড়ির চাপে যানজট বেড়ে যায়।
ফৌজদারহাট উড়ালসড়ক এলাকায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সীতাকুণ্ডের ছোটকুমিরার রবিউল হাসান বলেন, ‘নগর থেকে সীতাকুণ্ডের ছোট কুমিরার বাড়িতে যাচ্ছি। সকাল আটটায় গাড়িতে চেপেছি। দুই ঘণ্টায় মাত্র ছয় কিলোমিটার পথ আসতে পেরেছি।’
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহামঞ্চদ কবির বলেন, রাতে দুর্বৃত্তরা মাদামবিবিরহাট এলাকায় গাড়ির চাকা পাংচার করে। রেকার দিয়ে গাড়িগুলো সরাতে রাত সাড়ে চারটা বেজে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।