সীতাকুণ্ডে তুলা কারখানায় আগুনে ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবেশদ্বার সিটি গেটের কাছে কালিরহাট এলাকায় তুলা তৈরির কারখানায় আজ বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এতে তুলা তৈরির কাঁচামাল পরিত্যক্ত ঝুট কাপড় পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আকবরশাহ থানার কালিরহাট এলাকায় স্থানীয় মোকলেস এন্টারপ্রাইজ নামের তুলা তৈরির একটি কারখানায় আগুন লাগে। কারখানায় পরিত্যক্ত ঝুট কাপড় থেকে তুলা তৈরি করা হয়। আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি বা সিগারেটের আগুন থেকে কারখানাটিতে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
কারখানার মালিক রমজান আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘বকেয়া আদায়ের জন্য আমি এখনা নোয়াখালীতে আছি। তবে কর্মচারীদের কাছ থেকে খবর পেয়েছি কারখানার সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।’