সীতাকুণ্ডে দফায় দফায় বোমাবাজি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ও বাড়বকুণ্ড ইউনিয়নের সীমান্তবর্তী হাছনাবাদ এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা বিস্ফোরণে বৈদ্যুতিক খুঁটির একটি তার ছিন্ন হয়ে যাওয়ায় এলাকার বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই বোমাবাজির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গ্রামবাসী জানান, এলাকাটি জামায়াত-শিবির অধ্যুষিত।সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াতের নেতা নুরুল মোস্তফার বাড়ি ওই এলাকায়। এলাকাবাসী অভিযোগ করেন, দেশব্যাপী জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে তাদের দলীয় লোকজন ওই এলাকায় এসে সেখানকার দোকানপাট বন্ধ রাখতে বলে। কিন্তু তাদের কথামতো দোকানপাট বন্ধ না করায় তারাই এ বোমাবাজি করেছে। এ সময় ১৫ থেকে ২০টি বোমা বিস্ফোরিত হয়েছে।সীতাকুণ্ড উপজেলার জামায়াতের আমির শফিকুল মাওলা বোমা বিস্ফোরণের বিষয়টি স্বীকার করলেও এ ঘটনার সঙ্গে তাঁর দলের কেউ জড়িত নন বলে জানান। তিনি প্রথম আলোকে বলেন, ডাকাতেরা এ বোমাবাজি করে থাকতে পারে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বোমাবাজির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু কে বা কারা এই বোমাবাজি করেছে, তা স্পষ্ট নয়। তিনি ১০ থেকে ১২টি বিকট শব্দে বোমা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান।