সীতাকুণ্ডে দীর্ঘ যানজট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের প্রবেশদ্বার সিটি গেট থেকে সীতাকুণ্ডের ছোটকুমিরা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
গত মঙ্গলবার হরতাল শেষে সন্ধ্যা ছয়টার পর অনেক গাড়ি একসঙ্গে ছাড়ার কারণে সীতাকুণ্ডের জলিল গেট, ভাটিয়ারি ও মাদামবিবিরহাট এলাকায় যানজটের সৃষ্টি হয়। রাতভর যানজট চলতে থাকে। গতকাল বুধবার দিনের বেলায় থেমে থেমে গাড়ি চলতে থাকলেও বিকেলে তা ভয়াবহ আকার ধারণ করে। সন্ধ্যা ছয়টার দিকে যানজট সীতাকুণ্ডের ছোটকুমিরা থেকে নগরের সিটি গেট এলাকা ছাড়িয়ে যায়।
যানজটে আটকা পড়ে শত শত গাড়ি। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যানজট নিরসনে হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশ জানায়, হরতালে তিন দিন ধরে বন্দরসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে আটকে পড়া অতিরিক্ত গাড়ির চাপ, সড়ক সংস্কার শেষ না হওয়া ও মহাসড়কের মাদামবিবিরহাট ও জলিল গেট এলাকায় দুটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় দায়িত্বরত বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলচন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কে নষ্ট হওয়া গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
যাত্রী এম গিয়াস কামাল বলেন, তিন কিলোমিটার দূরে গাড়িতে যেতে সময় লেগেছে দেড় ঘণ্টা।