সীতাকুণ্ডে দুই ট্রাকে আগুন আটক ১০
চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার রাতে দুটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এদিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
১৮-দলীয় জোটের ডাকা অবরোধ ও গতকাল রোববার বৃহত্তর চট্টগ্রামে ছাত্রদলের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দূরপাল্লার বাস চলাচল করেনি। তবে বেলা দেড়টা পর্যন্ত ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করেছে।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চারালগান্ধী ও ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় দুটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া রাতে বিভিন্ন অভিযোগে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম উদ্দীনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়েছে। যারা গাড়িতে আগুন দেওয়ার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার দেখানো হবে।’
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দীনের অভিযোগ, রাতে পুলিশ অভিযানের নামে তাঁর ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে। এলাকার সাধারণ মানুষকে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। ওসি এ অভিযোগ অস্বীকার করেছেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় গতকাল বিকেলে অবরোধ-সমর্থকদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় তাঁরা দুটি অটোরিকশা ভাঙচুর করেন।