সীতাকুণ্ডে দুই ত্রিপুরা কিশোরী হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই ত্রিপুরা কিশোরী শুকলতি ত্রিপুরা ও ছবি রানি ত্রিপুরাকে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার ডলুছড়া এলাকায় ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সিলেট আঞ্চলিক শাখা ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম শ্রীমঙ্গল শাখার সহযোগিতায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপারসন জিডিশন প্রধান সুচিয়াং।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তাঁরা অত্যন্ত দুঃখ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছেন। প্রায়ই গ্রাম থেকে তাঁদের উচ্ছেদ করা হয়, জমি দখল করা হয়। তাঁদের মা বোনদের নির্যাতন করা হয়। তাঁরা প্রশ্ন রাখেন, তাঁরা কী এই দেশের কেউ না? কেন বারবার তাঁদের ওপর নির্যাতন হবে?
বক্তারা আরও বলেন, বাংলাদেশে নারী নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই নারী নির্যাতন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ত্রিপুরা কিশোরী শুকলতি ত্রিপুরা ও ছবি রানি ত্রিপুরার বয়স অনেক কম। তারা পৃথিবীটা ভালো করে বুঝতেই পারল না। অথচ তাদের নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে; যা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কিশোরীকে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, সিলেট আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শ্যামল দেববর্মার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ‘চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট’-এর সভাপতি পরিমল সিং বাড়াইক, ‘বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম’-এর মহাসচিব ফিলা পতমি, ‘কুমিল্লা মহানগর ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম’-এর সভাপতি যুবরাজ দেববর্মা, ‘ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’-এর সভাপতি সূর্য দেববর্মা, সাধারণ সম্পাদক মল্লিকা দেববর্মা, সমাজকর্মী কাজী শামসুল হক, অভিজিৎ দেববর্মা, সাংবাদিক অনুজ কান্তি দাশ প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে অংশ নেন বিভিন্ন মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত গত ১৯ মে সীতাকুণ্ডে জঙ্গল মহাদেবপুর পাহাড়ে বসবাসকারী পুনেল কুমার ত্রিপুরার মেয়ে শুকলতি ত্রিপুরা (১৫) ও সুমন কুমার ত্রিপুরার মেয়ে ছবি রানি ত্রিপুরার (১২) লাশ সুমন ত্রিপুরার ঘরে ঝোলানো অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল হোসেন (২৫) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।