সীতাকুণ্ডে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
সীতাকুণ্ডে পুরাতন জাহাজের স্ক্র্যাপ ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত ১১টায় মাদামবিবিরহাট শাহজাহানী (র:) মাজারে সামনে মহাসড়কে এই ঘটনা ঘটে। এসময় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো সময় এ ঘটনাকে কেন্দ্র করে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। তবে গতকাল রাত সাড়ে সাতটার দিকে দুইপক্ষ মীমাংসার জন্য বসে বলে জানা গেছে। জানা গেছে, শনিবার রাতে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় হাবিব স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে জরি আহমদ নামে কদমরসুল এলাকার এক ব্যবসায়ী কিছু পুরনো যন্ত্রাংশ কেনেন। যন্ত্রাংশ কিনে বাড়ি যাবার পথে লোকমান নামে এক ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করে। তিনিও ওই মালামালগুলো কিনেছেন বলে দাবি করেন। এনিয়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে পরে রাত ১১টার দিকে মাদামবিবিরহাট শাহজাহানী (র:) মাজারে সামনে মহাসড়কে উভয় পক্ষের দুই শতাধিক লোক জড়ো হয়ে মারামারিতে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।