সীতাকুণ্ডে দুই বাসের সংঘর্ষে একজন নিহত আহত ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড সদরের ঢালিপাড়া রাস্তামাথা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক যুবক নিহত ও নারী, বৃদ্ধসহ ৪৮ যাত্রী আহত হয়েছে।
আহত ব্যক্তিদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. শাহারুখ হাওলাদার (১৭)। সে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার বাঁশবুনিয়া গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন রীমা (১৮), তানিয়া (১৯), মুনির হোসেন (২০), হাসি (৩০), বগলা (৪০), প্রশান্ত (২২), রবীন্দ্রনাথ (৬৫), লাবনী (১৮), বিল্লাল (৬৫), মঞ্জুরুল আলম (৩০), শারমিন (২৫), সোলায়মান হক (২৩), সাদিয়া (২৭), মাহিনুর (২০), মোর্শেদাসহ (২৮) ৪৮ জন যাত্রী। এঁদের মধ্যে বিল্লালসহ অজ্ঞাতনামা পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার সকাল ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩২ জন ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ছয়জন যাত্রীকে ভর্তি করে। পরে সীতাকুণ্ডে স্বাস্থ্য কমপ্লেক্সে শাহারুখ মারা যায়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, বাস দুটিকে উদ্ধার করা হয়েছে। দুই বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন।