সীতাকুণ্ডে দুটি শিপইয়ার্ড উচ্ছেদে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় উপকূলীয় বন ধ্বংস করে নির্মিত দুটি শিপইয়ার্ড উচ্ছেদে সোমবার অভিযান শুরু করে প্রশাসন। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় উপকূলীয় বন ধ্বংস করে নির্মিত দুটি শিপইয়ার্ড উচ্ছেদে সোমবার অভিযান শুরু করে প্রশাসন। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় উপকূলীয় বন ধ্বংস করে নির্মিত দুটি শিপইয়ার্ড উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে। আজ সোমবার সকালে সীতাকুণ্ডের এসি ল্যান্ড আব্দুল্লাহ আল মামুন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান শুরু করা হয়।
এই দুটি শিপইয়ার্ড হচ্ছে এস কে স্টিল ও এস কে শিপ ব্রেকিং ইয়ার্ড। প্রতিষ্ঠান দুটির মালিক মোহাম্মদ নাজিম উদ্দিন।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের রায় অনুযায়ী উচ্ছেদকাজ চলছে। ২০০৯ সালে উপকূলীয় বনের ১৫ হাজার গাছ কেটে দুটি শিপইয়ার্ড করা হয়েছিল। এ ঘটনায় বন বিভাগ মামলা করে। পরে মালিকপক্ষ এ ব্যাপারে হাইকোর্টে রিট করে। গত বছরের ৬ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দেন শিপইয়ার্ড দুটি উচ্ছেদ করে সেখানে গাছ লাগানোর জন্য। সর্বশেষ গত ৩০ জানুয়ারি শিপইয়ার্ড দুটি উচ্ছেদ করার জন্য ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।