সীতাকুণ্ডে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে জায়গাসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মো. সোহেল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নিহত সোহেলের বাবা মো. সাহাব মিয়া (৫০), বোন সুফিয়া বেগম (৩০) ও শ্বশুর তাজ মোহাম্মদ (৪৮) এবং অপর পক্ষের মৃত গোলালুর রহমানের ছেলে মো. হেলাল (২৭) ও দেলোয়ার হোসেন (২৪)। তাঁদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল পুলিশ দেলোয়ার ও হেলালকে গ্রেপ্তার করেছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, বাড়ির চলাচলের রাস্তা নিয়ে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির ফুলতলা গ্রামের মৃত গোলালুর রহমানের ছেলেদের সঙ্গে প্রতিবেশী সাহাব মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ বেলা তিনটা থেকে উভয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। সাড়ে তিনটার দিকে দা-ছুরি নিয়ে উভয় পক্ষের এলোপাতাড়ি কোপাকুপির একপর্যায়ে ছয়জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহেল মারা যান।
প্রত্যক্ষদর্শী মো. সাহেদ বলেন, এক সপ্তাহ আগে উভয় পরিবারের মহিলাদের ঝগড়ার পর সাহাব মিয়া তাঁর বাড়ির ওপর দিয়ে গোলাল পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেন। আজ জুমার নামাজ শেষে গোলালের ছেলে হেলাল, দেলোয়ারসহ সাত-আটজন মিলে রাস্তার বেড়া জোর করে ভেঙে দিতে চাইলে উভয় পক্ষের ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষ লেগে যায়।