সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় যুবদলের তিনজন আহত
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের গোডাউন রোড এলাকায় নিজ বাড়ির সামনে মামুন রেজা (৩০) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মামুন রেজাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় আটটি মামলা রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পৌর যুবদলের সভাপতি সেলিম উদ্দীন জানান, মামুন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক।
এদিকে পৃথক ঘটনায় সীতাকুণ্ড বাজার এলাকায় দুর্বৃত্তরা শাহাদাত হোসেন (৩০) ও কাকন চন্দ্র দাশ (২৫) নামের যুবদলের দুই কর্মীকে পিটিয়ে আহত করেছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. নুর উদ্দীন রাশেদ প্রথম আলোকে জানান, মামুনের হাতে ও মাথায় কিরিচের কোপ রয়েছে। আর শাহাদাত ও কাকনের মাথায় আঘাত রয়েছে। মামুনের অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউছুপ নিজামী ও পৌর যুবদলের সভাপতি সেলিম উদ্দীন বলেন, গতকাল বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হচ্ছিলেন মামুন। এ সময় কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর পুলিশ মামুনকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দুটি মামলার তদন্ত চলছে। ওসি জানান, মামুন ছাড়া অপর দুজনের আহত হওয়ার কথা তিনি শুনেছেন।