সীতাকুণ্ডে দেড় বছরে ১৫ পুকুর ভরাট
নিয়মনীতির তোয়াক্কা না করে গত দেড় বছরে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর এলাকার ১৫টি পুকুর ভরাট করা হয়েছে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জমির দাম বেড়ে যাওয়ায় মালিকেরা পুকুর ভরাট করে চলেছেন বলে জানা গেছে।মৎস্য বিভাগের উপজেলা কার্যালয় সূত্র জানায়, সীতাকুণ্ড পৌর এলাকায় ৪৫টি পুকুর আছে। তবে কতগুলো পুকুর ভরাট হয়েছে এর কোনো পরিসংখ্যন তাদের কাছে নেই। সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগেও পৌরসভার নয়টি ওয়ার্ডে ছোট-বড় অনেক পুকুর ছিল। এসব পুকুরের পানি ব্যবহার হতো নানা প্রয়োজনে। গত দেড় বছরে পৌর এলাকার দত্তবাড়ির পুকুর, নিরোধ ভট্টাচার্যের বাড়ির পুকুর, দোল পুকুর, মহেন্দ্রলাল ভট্টাচার্যের বাড়ির পুকুর, শেখ নগরের সিকদার পুকুর, শেখপাড়া পুকুর, শিবপুর জসিম উদ্দিনের বাড়ির পুকুর, চৌধুরীপাড়া আবুল বশরের বাড়ির পুকুর, আমিরাবাদ নুনু মুন্সির বাড়ির পুকুর, চৌধুরীপাড়ার আলমগীর হোসেনের বাড়ির পুকুর, মৌলভীপাড়া জয়নাল আবেদীনের বাড়ির পুকুর, ভুঁইয়া পাড়া আবুল হোসেনের পুকুর, পন্থিছিলা জানে আলমের বাড়ির পুকুর, নুনাছড়া ওসমান গণির পুকুর, হাদি পুকুরসহ ১৫টি পুকুর ভরাট করা হয়েছে। শিবপুর এলাকার জসিম উদ্দিনের বাড়ির প্রায় ২৫ শতক আয়তনের পুকুরটি গত বছর মে মাসে ভরাট করে অর্ধেক অংশে ঘর তুলে ভাড়া দেওয়া হয়েছে। পুকুরটির মালিক জসিম উদ্দিন জানান, পুকুরে মাছ চাষ করে যে টাকা পাওয়া যায়, তার চেয়ে পুকুর ভরাট করে ঘর ভাড়া দিলে দ্বিগুণ আয় হয়। তাই এই ব্যবস্থা বেছে নিয়েছেন। দত্তবাড়ি পুকুরটি ভরাট করায় পুকুরের আশপাশে বসবাসরত ৪০টি পরিবারকে পানি সমস্যায় ভুগতে হচ্ছে। জমির দাম বেড়ে যাওয়ায় মালিক চঞ্চল দত্ত পুকুরটি বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রাম আদালতের সরকারি কৌঁসুলি (শিশু ও নারী) ভবতোষ নাথ বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জলাধার সংরক্ষণ আইনে কোনো পুকুর ভরাট করা যাবে না।’ ফায়ার সার্ভিস, সীতাকুণ্ডের স্টেশন কর্মকর্তা আবদুল বারেক বলেন, যে হারে পৌর এলাকার পুকুরগুলো ভরাট হচ্ছে, তাতে ভবিষ্যতে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এক ফোটা পানিও পাওয়া যাবে না।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আবদুস সোবহান জানান, পুকুর ভরাট করতে হলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু সীতাকুণ্ড পৌর এলাকায় অনেকে অনুমতি না নিয়ে পুকুর ভরাট করে ফেলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ বলেন, পুকুর ভরাটের ব্যাপারে তাঁর কার্যালয়ে কেউ অভিযোগ করেনি। তবে পৌর এলাকায় কোনো পুকুর ভরাট করতে হলে পৌরসভার অনুমতি নিতে হয়। কেউ পুকুর ভরাট করলে পৌর কর্তৃপক্ষেরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা। সীতাকুণ্ড পৌরসভার মেয়র শফিউল আলম বলেন, ব্যক্তি মালিকানার পুকুরগুলো যেভাবে ভরাট হয়ে যাচ্ছে, তাতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরকারি উদ্যোগেই পুকুর খনন করতে হবে।