সীতাকুণ্ডে নয় বসতঘরেঅগ্নিকাণ্ড
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের মান্দারীটোলা গ্রামে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য বলেন, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের হাসমত আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আরব আলী, ভুট্টো, শানু, নুরুল করিমসহ নয় পরিবারের বসতঘর পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার আরব আলীর মায়ের মৃত্যুতে ফাতিহা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানের ডেকোরেশন কিংবা বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে একে একে পার্শ্ববর্তী নয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা বলে দাবি করেছেন।