সীতাকুণ্ডে নাশকতার ঘটনায় আটক ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধারাবাহিক নাশকতার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে বাড়বকুণ্ড ও কুমিরার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্য থেকে নাশকতার ঘটনায় জড়িত আশঙ্কায় গতকাল শুক্রবার ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজনের অনেকে অভিযোগ করেছেন, সীতাকুণ্ডে ধারাবাহিক নাশকতার ঘটনায় স্থানীয়দের পাশাপাশি জামায়াত-শিবিরের বহিরাগত কর্মীরাও অংশ নিচ্ছে। নাশকতার ঘটনায় গত এক মাসে আটক ব্যক্তিদের মধ্যেও অনেক বহিরাগত রয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, বাড়বকুণ্ড ও কুমিরায় শিবিরের অনেক বহিরাগত আশ্রয় নিয়েছে। অনেকে গ্রেপ্তারও হয়েছে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। তাদের ভয়ে তটস্থ অন্যরা। তাদের একটাই লক্ষ্য, সড়ক বন্ধ করে দেওয়া।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ ইকবাল আলী বলেন, আগে আন্দোলন হতো চট্টগ্রাম বন্দরকে ঘিরে। বন্দর অচল করে দিলে ব্যবসা-বাণিজ্যে এর বিরূপ প্রভাব পড়ে। এখন তারা মহাসড়ক অচল করার কৌশল নিয়ে কার্যত একই ধরনের প্রভাব ফেলতে চাইছে। ভাঙচুরকারীদের মধ্যে স্থানীয়দের পাশাপাশি বড় একটি অংশ বহিরাগত বলে ইকবাল জানান।