সীতাকুণ্ডে নিত্য যানজট, যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী ও সোনাইছড়ির বক্তারপাড়া এলাকায় দিনের বেলায় ক্ষণস্থায়ী যানজটে ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা। যানজট নিয়ে একে অন্যকে দুষছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ও হাইওয়ে পুলিশ।
সম্প্রসারিত চার লেন প্রকল্পের চট্টগ্রামের সীতাকুণ্ড অংশের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ করিম প্রথম আলোকে বলেন, ভাটিয়ারী ও সোনাইছড়ির বক্তারপাড়া অংশে চার লেনের মধ্যে এক লেনের ঢালাইয়ের কাজ চলছে। বাকি তিন লেনে যানবাহন চলাচল করছে। তিনি বলেন, যেখানে-সেখানে গাড়ি দাঁড় করানোর কারণে যানজট হয়। হাইওয়ে পুলিশ ওই সব স্থানে গাড়ি থামাতে না দিলে যানজট হবে না।
অন্যদিকে হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার সার্জেন্ট মনিরুল ইসলাম বলেন, মহাসড়কে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে যানজট লেগে যায়। ভাটিয়ারী এলাকায় পুরাতন সড়কের সংস্কার শেষ না হতে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে নতুন সড়কের কাজ শুরু করা হয়। যে কারণে ঢাকামুখী গাড়িগুলো ভাটিয়ারী স্টেশন এলাকা হয়ে পুরাতন সড়কে ওঠার সময় যানজট লেগে যায়।
স্থানীয় লোকজন বলেন, দিনের বেলায় লোকাল গাড়ির সংখ্যা বেশি থাকে। ওই গাড়িগুলো যেখানে-সেখানে থামিয়ে যাত্রী ওঠানামা করে। ভাটিয়ারী বাজারে সব ধরনের গাড়ি যাত্রী ওঠানামা করার কারণে যানজট লেগে থাকে।
সরেজমিনে দেখা যায়, ভাটিয়ারীতে দূরপাল্লার বাসসহ সিএনজিচালিত অটোরিকশাগুলো মহাসড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। এতে যানজট লেগে যাচ্ছে।
চট্টগ্রাম নগরের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রামপদ দাস বলেন, যানজটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে স্বাভাবিক সময়ের চেয়ে দুই ঘণ্টা বেশি লেগে যায়। অনেক সময় তাঁর ক্লাসে যেতে দেরি হয়ে যায়।
এদিকে দিনে যানজট থাকলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত যানজট থাকে না বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা।